ছাতকের ঐতিহাসিক কালীবাড়িতে নতুন মন্দির উদ্বোধন শীঘ্রই

বিজয় রায়, ছাতক
ছাতক শহরের প্রাচীনতম কালী মন্দিরের পাশে নব-নির্মিত মন্দির শাস্ত্রীয়ভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আগামী ফাল্গুন মাসের যে কোন একদিন দৃষ্টিনন্দন এ মন্দির উদ্বোধন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ব্যয়বহুল নব-নির্মিত কালী মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হতে প্রায় সাড়ে তিন বছর সময় লেগেছে। আর্থিক সংকটের কারণে অনেক সময় মন্দিরের নির্মাণ কাজ নিয়মিত না হলেও সময় নিয়েই নির্মাণ শিল্পীরা দৃষ্টিনন্দনভাবে মন্দিরটি নির্মাণ কাজ শেষ করেছেন। প্রায় ৫ বছরের পুরাতন জড়াজীর্ণ কালী মন্দিরের পাশে ২০১৩ সালের ১৭ জানুয়ারি নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পৌরসভার  মেয়র আবুল কালাম চৌধুরী। পৌরসভার অর্থায়নে প্রায় সাড়ে ৩ বছরে নতুন মন্দিরের কাজ সম্পন্ন হয়। নতুন মন্দিরের অবকাঠামো তৈরি করতে ইতিমধ্যেই ২০ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। আনুসাঙ্গিক কিছু নির্মাণ কাজসহ মন্দিরকে পূর্ণাঙ্গ রূপ দিতে আরো কয়েক লক্ষ টাকার প্রয়োজন রয়েছে বলে মন্দির নির্মাণ কমিটির পক্ষ থেকে জানানো হয়। অর্থ সংকটের কারণে প্রায় ৩ মাস যাবৎ রংসহ আনুসাঙ্গিক নির্মাণ কাজ বন্ধ রয়েছে। নব-নির্মিত বিশাল ও দৃষ্টি নন্দন মন্দিরের কাজ শিঘ্রই শেষ করে নতুন মন্দিরে পূজা-অর্চনা শুরু করা হবে বলে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।