ছাতকের পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১৫ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার সকাল প্রায় ১১টায় নোয়ারাই ইউনিয়নের পাটিবাগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটিবাগ মসজিদের ভূমি লিজ নিয়ে গত শুক্রবার পাটিবাগ   গ্রামের মৃত তৈমুছ আলীর পুত্র আলকাব আলী ও একই গ্রামের হাজী আফতাব আলীর পুত্র আব্দুল কাইয়ূমের মধ্যে বাক-বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে সোমবার সকালে আলকাব আলীর ভাই ইউপি সদস্য আহমদ আলী বাড়ি থেকে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে বাতিরকান্দি কালভার্টের কাছে পৌঁছলে আব্দুল কাইয়ূম ও তার লোকজন ইউপি সদস্যের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ইউপি সদস্যের ভাই আলকাব আলী, আহাদ আলী এগিয়ে আসলে প্রতিপক্ষরা তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ নিয়ে দু’পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ছাতক থানার এসআই সোহেল ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ ব্যক্তি আহত হয়। হামলা ও সংঘর্ষে গুরুতর আহত আলকাব আলী (৬০), আহাদ আলী (৫৫), হুসেন আলী (৩০), সুজন মিয়া (৩৫), সুমন মিয়া(২৫) ও আনোয়ার হোসেন(২৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ইউপি সদস্য আহমদ আলী(৫০), ঝুনুয়ার হোসেন(২৬), আব্দুল হেকিম(৩০), আব্দুল কাইয়ূম (৩৬) সহ আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।