ছাতক প্রতিনিধি
ছাতকের জালালপুর-লামারসুলগঞ্জ সড়কের পালপুর এলাকায় সরকারী গাছ কেটে বিক্রি করছে একটি চক্র। প্রকাশ্যে এ চক্রটি সরকারী গাছ নির্বিচারে কেটে যাচ্ছে। প্রভাবশালী এ চক্রটির বিরুদ্ধে এলাকার কেউ অবস্থান নিতে পারছে না বলে জানা গেছে। গত মঙ্গলবার থেকে পালপুর এলাকায় কয়েক লক্ষ টাকা মুল্যে ছোট-বড় ১৯টি গাছ কেটে ফেলা হয়েছে। বড় করাত ও কুঠার ব্যবহার করে প্রকাশ্যেই সরকারী মুল্যবান গাছ কেটে বিক্রি করছে চক্রটি।
স্থানীয় একটি সুত্র জানায়, দোলাবাজার ইউনিয়নের পালপুর গ্রামের মৃত হাজী ওমর আলীর পুত্র সাবেক ইউপি সদস্য আতিকুর রহমান সরকারী এসব গাছ কেটে বিক্রি করছেন। মঙ্গলবার থেকে গাছ কাটা শুরু করে এখন পর্যন্ত চাঁপা, রেন্টি ও অর্জুন জাতীয় প্রায় ১৫ থেকে ২০টি গাছ কেটে বিক্রি করা হয়েছে। গাছের খন্ডগুলো এখনো সড়কের পাশে পড়ে আছে। দাপটের সাথে প্রকাশ্যেই সরকারী গাছ কাটা
হচ্ছে। পাশাপাশি মুল্যবান এসব গাছ কেটে বিক্রি করছেন কর্তনকারী আতিকুর রহমানের ভাগ্নে পালপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র আব্দুল মজিদের কাছে। সরকারী আরো গাছ কাটার প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেবেন।
উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার জানান, স্থানীয় লোকজন এ ব্যাপারে তাকে অবহিত করেছে। বিষয়টি সরজমিনে তদন্ত করে অপরাধিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।


