বিজয় রায়, ছাতক
ছাতকের কালারুকা ইউনিয়নের কালারুকা-আরতানপুর-রামপুর সড়কের বুররাপুর থেকে আজিধরপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক অস্থিত্বহীন হয়ে পড়েছে। চলাচলে অনুপযোগী এ সড়কটি বিগত ৮ বছর ধরে কোন সংস্কার কাজ না হওয়ায় জনপ্রতিনিধিদের প্রতি ক্ষুব্ধ সড়ক ব্যবহারকারী কয়েক সহ¯্রাধিক মানুষ। উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় কালারুকা ইউনিয়ন অনেকটা এগিয়ে রয়েছে। সওজ’র সংযোগ সড়ক কালারুকা পয়েটে থেকে কালারুকা বাজার হয়ে আরতানপুর-রামপুর দিয়ে তাজপুর সওজ’র সড়কের সাথে মিলিত হয়েছে। ইউনিয়নের সিংহভাগ জনগোষ্ঠি প্রধান সড়ক হিসেবে ব্যবহার করে আসছে এ সড়কটি। সড়কের বুবরাপুর থেকে আজিধরপুর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারহীন এ সড়কের অনেক স্থান বিলীন হয়ে গেছে। বড়-বড় গর্তের কারণে সড়ক দিয়ে পায়ে হাঁটাও দুরুহ হয়ে পড়েছে। সড়কের এ অংশে রয়েছে রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসা করতে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।
এছাড়া রামপুর, মানিকপুর, উদুপুর, পইলনপুর, সিকান্দরপুর, আজিধরপুর, ছিক্কা, আরতানপুর ও দিগলবন্দ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াতে একমাত্র অবলম্বন এই সড়ক। দীর্ঘ ৮ বছর ধরে ভাঙ্গা-চুরা সড়কে দুর্ভোগ মেনে নিয়েই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করে আসছে এ এলাকার লোকজন। প্রতিদিনই এ সড়কে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দুর্দশাগস্ত এ সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বিষয়টি দেখার যেন এখানে কেউ নেই। পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার পারকুল, যোগিরগাঁও, খালপাড়, হেংলাকান্দি ও নোয়াগাঁও গ্রামের লোকজনও এ সড়টি ব্যবহার করে জেলা ও বিভাগীয় শহরে আসা-যাওয়া করে থাকে।
স্থানীয় শামীম তালুকদার, আমিনুর রশীদ তালুকদার, চেরাগ আলী, মানিক মিয়া, আব্দুর রউফ, লিয়াতক আলী, গিয়াস উদ্দিন, গৌছ মিয়াসহ লোকজন জানান, বিগত প্রায় ৮ বছরের মধ্যে এ সড়কে কোন সংস্কার কাজ হয়নি। সড়ক সংস্কারে জনপ্রতিধিদের অনুনয়-বিনয় করেও কোন ফল হয়নি। বেহাল দশার কারণে সড়ক সংলগ্ন মসজিদগুলোতে মুসল্লিরা যাওয়া-আসা করতে বিব্রতকর অবস্থায় পড়েন।
তারা আক্ষেপ করে বলেন, এ অঞ্চলের মানুষের ভোট দেয়ার অধিকার থাকলেও উন্নয়ন ভোগ করার অধিকার তাদের নেই। আগামী জাতীয় নির্বাচনে এ সড়কের বিষয়টি এখানের ভোটের হিসেব-নিকেশে ব্যবধান গড়ে দেবে বলে তারা মনে করেন।
- জগন্নাথপুরে নদী খননের দাবি জানিয়েছেন কৃষকরা
- ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে সরকার আন্তরিক -জেলা প্রশাসক


