ছাতক প্রতিনিধি
ছাতকের একটি গুরুত্বপূর্ণ সরকারী দপ্তর সাব-রেজিস্ট্রার অফিসের দাপ্তরিক কার্যক্রম চলছে নোংরা পরিবেশে। প্রায় দু’যুগ ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভূমি রেজিষ্টার কার্যক্রম চলে আসছে এখানে। উপজেলা পর্যায়ে সরকারের রাজস্ব আয়ের অন্যতম দপ্তর সাব রেজিস্ট্রার অফিস অবহেলা ও অব্যবস্থাপনায় মধ্যে পরিচালিত হচ্ছে দীর্ঘদিন
ধরে। চরম জনবল সংকটও রয়েছে এ কার্যালয়ে। সম্প্রতি সাব-রেজিষ্টারের উদ্যোগে কার্যালয়ের সম্মুখভাগে মাটি ভরাট করে পরিবেশের কিছুটা উন্নয়ন হলেও একটু বৃষ্টি হলেই কার্যালয়ের সন্মুখভাগ হয়ে উঠে কর্দমাক্ত। একটি নলকূপও স্থান করা হয়ে সাব-রেজিস্ট্রারের ব্যক্তিগত উদ্যোগে। স্বাধীনতার পর এখানের সাব-রেজিস্ট্রার অফিসের দাপ্তরিক কার্যক্রম চলছিল থানা রোডের পোস্ট অফিস সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন একটি বাড়িতে। এ সময় সড়কের উভয় পাশে খোলা আকাশের নীচে বসে ডিড-রাইটারগণ দীর্ঘদিন কাজ করেছেন। এরশাদ সরকারের শাসনামলে নির্মিত উপজেলা কোর্ট ভবনে সাব-রেজিষ্টার কার্যালয় স্থায়ীভাবে স্থানান্তরিত হয় ১৯৯২ সালের মাঝামাঝি সময়ে। পরিত্যক্ত এ কোর্ট ভবনের অর্ধাংশে প্রায় ২৪ বছর ধরে সাব-রেজিষ্টার অফিসের কার্যক্রম চলে আসছে। বর্তমানে এ কোর্ট ভবনের অপর অর্ধাংশে রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের দাপ্তরিক অফিস ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়। প্রায় দু’ বছর আগে কোর্ট ভবনের পাশে নির্মান করা হয়েছে উপজেলা সার্ভার ষ্টেশন ও নির্বাচন অফিস। সাব-রেজিষ্টারের কার্যালয়সহ জন গুরুত্বপূর্ণ কয়েকটি অফিসের দাপ্তরিক কার্যক্রম এখানে চললেও কার্যালয়গুলোর সন্মুখভাগের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে কারো মাথা ব্যাথা নেই। একটু বৃষ্টিতেই কার্যালয়ের সামনে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সরকারী এ অফিসের সন্মুখভাগ অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশ সব সময় লেগেই থাকে। পানীয় জলের জন্য কোন ব্যবস্থা ছিল না এখানে। জনবল সংকটের কারনে প্রতি রবি, সোমবার ও মঙ্গলবার এ অফিসে ভুমি রেজিষ্টার কার্যক্রম হয়ে থাকে। সপ্তাহের এ ৩ দিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ’ শ’ ভুমি মালিকগন সাব-রেজিষ্টি অফিসে আসেন ভুমি ক্রয়-বিক্রয়ের জন্য। এ ছাড়া সার্ভার ষ্টেশন, যুব উন্নয়ন ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসে প্রতিদিন প্রচুর লোক সমাগম ঘটে। কিন্ত নোংরা পরিবেশের জন্য আগত অনেককেই বিব্রতবোধ করতে দেখা গেছে।


