বিজয় রায়, ছাতক
বিশ্বে প্রথম বাংলাদেশী হিসেবে টানা দ্বিতীয়বারের আয়রনম্যান চ্যালেঞ্জ সফলভাবে জয় করেছেন ছাতকের বিষ্ময়যুবক সুমিত পাল। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে দ্বিতীয় বারের মত এ কৃতিত্ব অর্জন করে দেশের জন্য এক অনন্য গৌরব বয়ে আনেন। গত ২৮শে আগস্ট ফ্রান্সে অনুষ্ঠিত ট্রাইএ্যাথলন আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতার সঙ্গে তা সম্পন্ন করে দ্বিতীয়বারের মতো আয়রনম্যান হওয়ার গৌরব অর্জন করেন।
জার্মান প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূত বিষ্ময়কর যুবক সুমিত পাল ছাতক পৌর শহরের মন্ডলীভোগ এলাকার জুয়েলারী ব্যবসায়ী মহাদেব পালের সন্তান। এক বোন ও ৩ ভাইয়ের মধ্যে তৃতীয় সুমিত পাল ছোট বেলা থেকেই প্রতিভাবান ছাত্র ছিলেন। ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক ও জুনিয়র পরীক্ষায় স্কলারশীপসহ উত্তীর্ণ হন এবং এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ লাভ করেন সুমিত। এইচএসসিতেও ছিল তার ধারাবাহিক কৃতিত্বপূর্ণ ফলাফল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে তড়িৎপ্রকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং সমাপ্ত করে তিনি উচ্চ শিক্ষা লাভে জার্মানীতে পাড়ি জমিয়েছিলেন। জার্মানীতে পিএইচডি করে তিনি বর্তমানে বিশ্ববিখ্যাত গাড়ী নির্মাণকারী প্রতিষ্ঠান বিএমডব্লিউতে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি প্রকৌশলীর চেয়ে ‘আয়রনম্যান’ হিসেবেই নিজেকে পরিচয় দিতে ভালবাসেন। ভবিষৎতে আরো অনেক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের পতাকা উড়ানোর পরিকল্পনা রয়েছে তার।
গত ২৮শে আগস্ট অনুষ্ঠিত ফ্রান্সের ট্রাাইএ্যাথলন আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিয়ে ড. সুমিত পাল ১ ঘন্টা ৪০ মিনিটে সাঁতার, ৬ ঘন্টা ২৯ মিনিটে বাই-সাইকেল এবং ৪ ঘন্টা ৪০ মিনিটে দৌঁড় শেষ করেন। বিশ্বের ৫৩ টি দেশের প্রায় ২ হাজার প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে সুমিত পাল দ্বিতীয় বারের মত আয়রনম্যান হওয়ার কৃতিত্ব অর্জন করেন। দূরপাল্লার ক্রীড়াবিদদের জন্য বিশ্বের সবচেয়ে কঠিনতম প্রতিযোগিতা আয়রনম্যান হওয়ার জন্য ৩.৮ কি.মি. সাঁতার, ১৮০ কি.মি. বাই-সাইকেল ও ৪২.২ কি.মি. দৌঁড় বিরতিহীনভাবে ১৭ ঘন্টার মধ্যে শেষ করতে হয়। ট্রাইএ্যাথলন আয়রনম্যান প্রতিযোগিতায় ড. সুমিত মাত্র ১৩ ঘন্টা ৪ মিনিট পুরো প্রক্রিয়াটি শেষ করতে সক্ষম হন। এর আগে ২০১৫ সালে নেদারল্যান্ডের লিমবুর্গে অনুষ্ঠিত আয়রনম্যান ডিসেল্ট ট্রাইএ্যাথলন সফলভাবে সম্পন্ন করে বিশ্বে প্রথম বাংলাদেশী হিসেবে আয়রনম্যান খেতাবে ভূষিত হয়ে দেশের জন্য এক অনন্য গৌরব বয়ে আনেন ড. সুমিত পাল। তখন তিনি ১৪ ঘন্টা ৩৩ মিনিটের মধ্যে ৪২.২ কি.মি. ম্যারাথন, ১শ’৮২ কি.মি. বাই-সাইকেল, এবং ৩.৮০ কি.মি. সাঁতার সফলভাবে সম্পন্ন করেছিলেন।


