ছাতক প্রতিনিধি
ছাতকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকারী গৃহবধূ মনি বেগম (৩০)’র মৃত্যু হয়েছে। ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৃহবধূ মনি বেগম গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের খুজাখাই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী ও দু’সন্তানের জননী। শশুর বাড়ির লোকজনের অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ মনি বেগম নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুনে লাগিয়ে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছেন বলে জানা গেছে। ২৬ সেপ্টেম্বর রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের খুজাখাই গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে মনি বেগমকে তার শশুর বাড়ির লোকজন কারণে-অকারণে অত্যাচার-নির্যাতন করে আসছিল। এক পর্যায়ে শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচার-নির্যাতনের বিষয়টি মনি বেগম স্থানীয় ইউপি সদস্য সুরেতাজ মিয়াকে অবহিত করে বিচার প্রার্থী হয়। পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের সমন্বয়ে বিষয়টি নিষ্পত্তি করে দেয়া হয়। বিচার প্রার্থনা করার অপরাধে ক্ষিপ্ত হয়ে রাতে শ্বশুর-শাশুড়ি তাকে বেধরক মারপিট করে। শ্বশুর-শাশুড়ির অমানবিক নির্যাতন থেকে মুক্তি পেতে মনি বেগম আত্মহত্যার নির্মম পথ বেঁচে নেয়। ওই রাতে আত্মহত্যার উদ্দেশ্যে নিজ শরীরে মনি বেগম কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় তার আর্তচিৎকারে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু এর আগেই আগুনে গৃহবধূর শরীরের শতকরা ৫০ভাগ ঝলসে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৪ দিন পর তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
- তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন
- ছাতকে এক প্রবাসী পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ সভা


