ছাতক প্রতিনিধি
ছাতকে একটি টিভির নিউজের মন্তব্য কলামে মুসলিম সমাজের বিয়ে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় চয়ন রায় (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকা থেকে তদন্ত কেন্দে্রর ইনচার্জ সাজ্জাদুর রহমান তাকে আটক করেন। চয়ন রায় চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রামের চন্দন রায়ের ছেলে। সে তার নিজ ফেইসবুক আইডি ব্যবহার করে এমন আপত্তির মন্তব্য করায় তাৎক্ষণিক এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীকে শান্ত থাকার পরামর্শ দেন। এ ব্যাপারে আইন হাতে তুলে না নেয়ার জন্যও অনুরোধ করেন। বর্তমানে এলাকায় শান্ত রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, চয়ন রায়ের নিজ নামীয় ফেইসবুক আইডি থেকে মুসলিম সমাজের বিয়ে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিষয়টি সে ধামাচাপা দিতে কৌশলে পুলিশ ফাঁড়িতে জিডি করতে চেয়েছিলো। তার ফেইসবুক আইডি হ্যাক করা হয়েছে এমন দাবিও সে করেছে বলেও স্থানীয়রা জানান।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক জানান, চয়ন রায় নামের একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।


