ছাতক প্রতিনিধি
ছাতকে জামিনে বের হয়ে বাদী ও স্বাক্ষীর উপর অতর্কিত হামলা করেছে হত্যা মামলার আসামীরা। মামলা আপোস না করায় ক্ষুব্ধ হয়ে আসামীরা এ হামলা চালায়। হামলায় মামলার বাদী-স্বাক্ষী ও মহিলাসহ ১০ব্যক্তি আহত হয়। শুক্রবার বাদ জুম্মা দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, জাউয়া কলেজের মেধাবী ছাত্র রিমন হত্যা মামলার ৪ আসামী গত ১২ ডিসেম্বর হাইকোর্টের জামিনে সুনামগঞ্জ জেল থেকে বেরিয়ে আসে। মামলা আপোসের জন্য ওইদন থেকে বাদী পক্ষের উপর চড়াও হয় জামিনে আসা আসামীরা। শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আসামীরা মামলার বাদী ও স্বাক্ষীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় মামলার বাদী মমতাজ উদ্দিন, স্বাক্ষী বাহার উদ্দিন, করিম, শামীম, সামছুন নাহার, আলী আহমদ, জসিম উদ্দিন, জিয়া উদ্দিন, নিহতের ভাই ইমন, নাইমসহ ১০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত মমতাজ উদ্দিন ও বাহার উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০১৬ সালের ২৩ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাউয়া ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র রিমন আহমদের উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। হামলার দু’দিন পর সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিমনের মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


