ছাতক প্রতিনিধি
ছাতকে ঈদের সময়েও ১৫ টাকা কেজি মূল্যের চাল বিক্রি করেননি ডিলাররা। এদিকে খাদ্যবান্ধব কর্মসূচীর ১০টাকা কেজির চাল বিক্রিও বন্ধ রাখা হয়েছে। বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে ছাতকে ১৫টাকা কেজি মূল্যে খোলাবাজারে চাল বিক্রির জন্য ১৪জন ডিলার নিয়োগ করে তাদেরকে সরকারি চাল বরাদ্দ দেয়া হচ্ছে মাসের পর মাস। কিন্তু ডিলাররা এসব চাল খোলাবাজারে বিক্রি না করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে শুধু লাভের টাকাই গুনছেন। এ চিত্র উপজেলা সকল ইউনিয়ন ও পৌরসভায়। উপজেলার ১৩ইউনিয়ন ও পৌরসভায় ১৫ টাকা কেজি মূল্যে খোলাবাজারে চাল বিক্রি জন্য ১৪জন ডিলারের মাধ্যমে প্রতিসপ্তাহে বরাদ্দ দেয়া হচ্ছে ৮৪ মেট্রিকটন সরকারি চাল। কিন্তু ডিলাররা সপ্তাহে ১দিন দু’একঘন্টা চাল বিক্রির নাটক করে সরকারী এসব চাল ব্যবসায়ীদের কাছে অধিক মূল্যে বিক্রির মাধ্যমে ফায়দা লুটছেন বলে অভিযোগ রয়েছে। ক্ষতিগ্রস্তদের খোলাবাজারে বিক্রির চাল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে।
একাধিক ব্যবসায়ীরা জানান, প্রতি মেট্রিকটন চালের বিপরীতে ১৩হাজার টাকা জমা দিয়ে ২৮হাজার টাকা দরে এসব চাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন ডিলাররা। শুধুমাত্র ডিও লেটারে স্বাক্ষর দিয়ে লাভের টাকাগুলো নিয়ে যাচ্ছেন তারা। আর চাল নিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এতে করে সরকারের এ প্রকল্পটি এখানে ভেস্তে যাচ্ছে ও পকেট ভারী হচ্ছে ডিলারদের।
ক্ষতিগ্রস্ত পল্লী এলাকার বাসিন্দা আজাদ মিয়া, জাকির হোসেন, শামসুল ইসলাম, আরজু মিয়া, বাবুল মিয়াসহ অর্ধ-শতাধিক লোক জানান, সরকার পর্যাপ্ত বরাদ্দ দিয়েছেন। কিন্তু ক্ষতিগ্রস্তরা এর কোন সুফল পাচ্ছে না। এতে মধ্যসত্বভোগিরাই লাভবান হচ্ছেন। ১৫টাকা কেজি মূল্যে চাল বিক্রির প্রথম দিকে এখানে কিছুটা হৈ-চৈ হয়েছে। সে সময়ও রীতিমতো চাল পায়নি গ্রাহকরা। বর্তমানে এসব চালের কোন খোঁজ-খবর আর কেউ নেয়নি। জাউয়া বাজার, সিংচাপইড়সহ ক’টি ইউনিয়নে আংশিক ভাবে চাল বিক্রি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রাজু তালুকদার, ফয়জুল কবির লাকিসহ ক’জন ডিলার জানান, চাল উত্তোলন করে তারা সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তার উপস্থিতিতে এলাকায় বিক্রি করছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন জানান, সঠিক ভাবেই ডিলারদেরকে বরাদ্দের চাল দেয়া হচ্ছে। এবং চাল বিক্রিতে যাতে অনিয়ম না হয় সে ক্ষেত্রে সকল এলাকায় তদারকির জন্য ট্যাগ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।


