ছাতকে ওসি মোস্তফা কামাল করোনায় আক্রান্ত

ছাতক প্রতিনিধি
ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ করোনা যোদ্ধা জনগণকে সচেতন করাসহ করোনা আক্রান্ত ব্যক্তিদের খোঁজ-খবর নেয়া ও মৃত ব্যক্তিদের দাফনে অংশ নিতে কখনো পিছপা হননি। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন, বাজার নিয়ন্ত্রন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, সাধারন মানুষদের মাস্ক ব্যবহারে উৎসাহিত করা, মাস্ক বিতরণসহ সব সময়ই কর্মমুখর অবস্থায় দেখা গেছে। পুলিশের নির্ধারিত কর্তব্য ছাড়াও মোবাইল কোর্ট, বাজার মনিটরিং কাজে উপজেলা প্রশাসনের সাথে ওসি মোস্তফা কামালের আন্তরিকভাবে কাজ করার বিষয়টি ছিল চোখে পড়ার মতো। এখানের সিংহভাগ মানুষের ধারনা উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার কারণে এখানে করোনা পরিস্থিতি মহামারী আকার ধারন করতে পারেনি।
অভিজ্ঞ মহলের যুক্তি মতে ছাতক একটি শিল্প নগরী ও প্রতিষ্ঠিত ব্যবসা কেন্দ্র হওয়ার কারনে এখানে বিভিন্ন অঞ্চলের বহু শ্রমজীবী মানুষ রয়েছেন। ঘন বসতি ও শ্রমজীবী মানুষের বসবাস থাকা সত্বেও উপজেলা ও পুলিশ প্রশাসনের দায়িত্বশীলতার কারণে এখানে করোনা পরিস্থিতি সংক্রমন অনেকটাই নিয়ন্ত্রনের মধ্যে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এখানে যারা সামনের সারিতে থেকে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম ছাতক থানার ওসি মোস্তফা কামাল। অনেকেই এ ফ্রন্টলাইন যোদ্ধার আশু রোগ মুক্তি কামনা করেছেন।