ছাতকে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১ ডাকাত

ছাতক প্রতিনিধি
ছাতকে কথিত বন্দুকযুদ্ধে ১ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম লক্ষ্মন্দর আলী লিপসন। পুলিশের দাবি, সে ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার ৫ মামলাসহ ডাকাতি ও অস্ত্র আইনে ১২ টি মামলা রয়েছে। সে ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নের জিয়াপুর গ্রামের কলমদর আলী’র ছেলে।
পুলিশ জানায়, সোমবার ভোরে গ্রেপ্তারকৃত ডাকাত লক্ষ¥ন্দর আলীর স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র ও ডাকাতির মালামাল উদ্ধারের জন্য পুলিশ তাকে ছাতকের বোকারভাঙার রবি টাওয়ারের কাছে নিয়ে যায়। ওখানে পৌঁছামাত্রই লক্ষ্মন্দরের সঙ্গীয় ১০-১২ জন ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে। দুই পক্ষের গুলাগুলির সময় লক্ষ্মন্দর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় হাসপাতালের নেবার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান দাবি করেন, নিহত লক্ষ্মনদরের গায়ে ডাকাত দলের ছুঁড়া গুলি লাগে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেবার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত হয়েছে।