ছাতকে কর্মকর্তাদের বদলীর হিড়িক ওসি মামুন ট্রেনিং সেন্টারে

ছাতক প্রতিনিধি
ছাতকে শীর্ষ কর্মকর্তাদের অন্যত্র বদলীর হিড়িক পড়েছে। গত কয়েক দিনে শীর্ষ ৩ কর্মকর্তাসহ একাধিক কর্মচারীও বদলী হয়েছেন বলে জানা গেছে। আরো এক শীর্ষ কর্মকর্তা স্বেচ্ছায় অন্যত্র চলে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। সব মিলিয়ে গত কয়েক মাসে ডজন খানেক কর্মকর্তা বদলী হয়েছেন।
জানা যায়, ছাতক থানার ওসি আশেক সুজা মামুনকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলী করা হয়েছে। বুধবার রাতে নিজ কর্মস্থল ত্যাগ করে তিনি সুনামগঞ্জ জেলা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে যোগ দিয়েছেন বলে একটি নির্ভযোগ্য সূত্রে জানা গেছে। তার স্থলাভিসিক্ত হয়েছেন জামালগঞ্জ থানার সাবেক ওসি আতিকুর রহমান। বুধবার রাতেই তিনি ওসি হিসেবে ছাতক থানায় যোগদান করেছেন।  অবশ্য এখনো তিনি চার্জ গ্রহণ করেননি বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন নতুন যোগদানকারী ওসি আতিকুর রহমান। আরেক শীর্ষ কর্মকর্তা সহকারী কমিশিনার (ভূমি) শেখ হাফিজুর রহমান ঢাকায় বদলী হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়। একই সাথে নতুন যোগদানকারী সহকারী কমিশিনার (ভূমি) সাবিনা ইয়াসমিনকে বরণ করে নেয়া হয়েছে। সাবিনা ইয়াসমিন সাতক্ষীরা থেকে এসে এখানে সহকারী কমিশিনার (ভূমি) হিসেবে বুধবার যোগদান করেছেন। এদিকে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) স্বাগত সরকারকে অন্যত্র বদলী করা হয়েছে। গত বছরের ৮ মার্চ প্রথম নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) হিসেবে ছাতকে যোগদান করেছিলেন তিনি। প্রায় ২ বছর তিনি নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তার স্থলাভিসিক্ত কে হচ্ছেন তা এখনো জানা যায়নি। উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান স্বেচ্ছায় অন্যত্র বদলী হচ্ছেন বলে জানা গেছে। আগামী এক মাসের মধ্যেই তিনি বদলী হবেন বলে একটি সূত্র জানিয়েছে। এর আগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমরান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মহিতুল ইসলাম, বাউবির উপ-পরিচালক আব্দুল মালেক খান, উপজেলা কৃষি কর্মকর্তা বদরুল হায়দার, মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্ট্রাকটর নজরুল ইসলামসহ ডজনখানেক কর্মকর্তা-কর্মচারী গত কয়েক মাসের মধ্যে বদলী হয়ে অন্যত্র চলে গেছেন।