ছাতকে কর্মকর্তার বেতন নিয়ে কর্মচারী উধাও

বিজয় রায়, ছাতক
ছাতকে কর্মকর্তার বেতন উত্তোলন করে গা ঢাকা দিয়েছে অফিসের এক কর্মচারী। কর্মকর্তার বেতন নিয়ে কর্মচারী উধাও হওয়ার ঘটনা নিয়ে অফিস পাড়ায় তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট অফিসের উর্ধ্বতন মহলকেও মৌখিকভাবে অবহিত করা হয়েছে। বেতন উত্তোলনের পর থেকে ওই কর্মচারী তার মুঠোফোন বিচ্ছিন্ন করে রেখেছে। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলা মৎস্য অধিদপ্তরে।
জানা যায়, গত ১৬ আগস্ট সিলেট সদর উপজেলা থেকে বদলী হয়ে ছাতকে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ব্যবহার প্রকল্পে (২য় পর্যায়) ফিল্ড এসিস্ট্যান্ট হিসেবে যোগদান করে শংকর দাস। বহু কেলেংকারীর হোতা শংকর দাস এখানে যোগদানের পর থেকেই বিভিন্নভাবে তার প্রতারণার ফাঁদ সৃষ্টি করে রাখে। কিছুদিন যেতে না যেতেই তার ফাঁদে ধরা পড়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ সুবিধাভোগী অনেকেই। তার কর্মক্ষেত্রে আসা যাওয়ার সুবিধার্থে সরকারের দেয়া নতুন বাইসাইকেলটিও বিক্রি করে আত্মসাত করে সে। বড় ধরনের প্রতারণার সুযোগ খুঁজতে গিয়ে শংকর দাস অবশেষে উপজেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনকের বেতন ৫৬ হাজার ৬ শ’ ৬৫ টাকা উত্তোলন করে উধাও হয়ে যায়। এসময় মৎস্য কর্মকর্তা সরকারী একটি প্রশিক্ষণে ঢাকায় অবস্থান করছিলেন। কর্মকর্তার অনুপস্থিতির সুযোগে অফিস থেকে বেতন বিলের কাগজ নিয়ে ব্যাংক থেকে কৌশলে বেতন উত্তোলন করে গা ঢাকা দেয় শংকর দাস। মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক জানান, ঘটনার দিন ৪ ডিসেম্বর সরকারী কাজে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং ক্ষমার অযোগ্য অপরাধ। এ প্রতারকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনী ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে। প্রয়োজনে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় বিষয়টি উত্থাপন করা হবে।’