ছাতকে কর্মজীবী মা সহায়তা তহবিল কর্মসূচির কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার
পাইলট প্রজেক্টের আওতায় চলতি অর্থ বছরে ছাতক পৌরসভা ‘কর্মজীবী মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় উপকারভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষ্যে হেলথ ক্যাম্প সংক্রান্ত বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ছাতক উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা ইয়াছমিন, পৌর কাউন্সিলর মিলন রানী দাস, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন,‘মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় পাইলট প্রকল্প হিসেবে ছাতক পৌরসভায় এটি প্রথম চালু করা হয়েছে। এ কর্মসূচির অধীনে দুই সন্তানের মায়েদের দুই বছর ৫শত টাকা করে ভাতা প্রদান করা হবে। পৌরসভার ৩ শত মাকে এ কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে আরো ৩শত মা ও শিশুদেরকে এই প্রকল্পের আওতায় আনার প্রস্তাব পাঠানো হয়েছে।’
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সূর্যের হাসি ক্লিনিকের সহায়তায় ৩০০ মা ও শিশুদেরকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয় এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে ১ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়।