ছাতকে কলেজ ছাত্র মিজান হত্যা মামলা সিআইডিতে স্থানান্তর

ছাতক প্রতিনিধি
ছাতকে বহুল আলোচিত কলেজ ছাত্র মিজানুর রহমান মিজান হত্যা মামলা সিআইডিতে স্থানান্তর করা হয়েছে। আদালতে বাদীর না-রাজির ভিত্তিতে গত ৩ আগষ্ট আলোচিত এ মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। প্রধান আসামীসহ মামলার ১০ আসামীর নাম বাদ দিয়ে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে মামলার বাদী সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের নিহতের চাচা সুরুজ আলী আদালতে না-রাজির আবেদন করেন। বাদীর আবেদন আমলে নিয়ে সুনামগঞ্জের আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দেলোয়ার হোসেন পূনঃ তদন্তের জন্য মামলাটি সিআইডিতে স্থানান্তর করেন।    
উল্লেখ্য, ২০১৫ সালের ২জুলাই প্রতিপক্ষের হামলায় নিজ বাড়ীতে নিহত হয় ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের মৃত মোশাহিদ আলীর পুত্র কলেজ ছাত্র মিজানুর রহমান। এ ঘটনায় নিহতের চাচা সুরুজ আলী বাদী হয়ে নাসির উদ্দিনকে প্রধান আসামী করে ১৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে একই সালের ২৬ অক্টোবর মামলার প্রথম ১২ জন আসামীর নাম বাদ দিয়ে আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন।