ছাতকে গণধর্ষণের শিকার প্রতিবন্ধি যুবতী, আটক ২

ছাতক প্রতিনিধি
ছাতকে মানসিক প্রতিবন্ধি এক যুবতী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মতিউর রহমান মতি (২৬) এবং দিলদার হোসেন দিলদার (২৮) নামের দু’ ধর্ষককে আটক করেছে পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হাসামপুর গ্রাম থেকে প্রতিবন্ধি যুবতীকে উদ্ধারসহ তাদের আটক করা হয়। আটককৃত মতিউর রহমান হাসামপুর গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র এবং দিলদার হোসেন একই গ্রামের খোয়াজ আলীর পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মানসিক প্রতিবন্ধি ভিকটিম বুধবার সকালে নিজ গ্রাম হায়দরপুর থেকে পাশের জিয়াপুর গ্রামে মামার বাড়িতে যাওয়ার পথে হাসামপুর এলাকা থেকে কতিপয় দুর্বৃত্ত তাকে অপহরণ করে অন্যত্র নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে সেখান থেকে গ্রামের একটি কক্ষে তাকে আটকে রেখে দুর্বৃত্তরা। গ্রামের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধারসহ জড়িত দু’ ধর্ষককে আটক করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার ভিকটিমের ভাই বাদী হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-১১) দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।