ছাতক প্রতিনিধি
ছাতকে গরু চোরের উপদ্রব মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে শুধু দোলারবাজার ইউনিয়ন থেকে অন্তত ডজন খানেক গরু চুরি হয়েছে। সোমবার রাতে ইউনিয়নের দিলালপুর গ্রামের আব্দুল মতিনের ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। এর আগে বুধবার রাতে আরো দু’টি গরু চুরি হয় আব্দুল মতিনের। রবিবার রাতে ইসলামপুর গ্রামের আব্দুল লতিফের ৩টি ও এক সপ্তাহ আগে খাগহাটা গ্রামের আশিক মিয়ার গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি হয়ে যায়। শুক্রবার
ভোর রাতে সুতারখালী গ্রামের ইমাদ আলীর গোয়াল ঘর থেকে ৪টি গরু নিয়ে যাওয়ার সময় নামাজে আসা মুসলীদের ধাওয়া খেয়ে গরু ফেলে চোরেরা পালিয়ে যায়। পরে মালিক এসে গরু নিয়ে যান। গরু চোরের উপদ্রপে গ্রামের লোকজন অতিষ্ট হয়ে পড়েছেন। দক্ষিণ ছাতক এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করার দাবী জানিয়েছেন গরু মালিকগণ।
এদিকে ছাতকে ৫টি বাসায় চুরি সংগঠিত হয়েছে। সোমবার মধ্য রাতে পৌর শহরের সামছুন নাহার আবাসিক এলাকায় এ চুরি সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা যায় এলাকার ইলিয়াছ মিয়ার বাসার গ্রিলের তালা ভেঙ্গে বাসার মেইন দরজা বাহির থেকে বন্ধ করে রাখে। পরে জানালার লক ভেঙ্গে লাঠির সাথে চুম্বক ব্যবহার করে বাহির থেকে ২৫ হাজার টাকা মূল্যের ২টি মোবাইল সেট নিয়ে যায়। এসময় একই এলাকার যুক্তরাজ্য প্রবাসী জরিনা বেগমের মালিকানাধীন বাসা থেকে জানালার লক ভেঙ্গে একটি মোবাইল ও নগদ ৩হাজার টাকা নিয়ে যায় চোরেরা। রাতে যুক্তরাজ্য প্রবাসী তফজ্জুল আলী, এলাকার আব্দুল গফুর ও রুমেন মিয়ার বাসায় একই সময়ে চুরি সংগঠিত হয়েছে। সামছুন নাহার আবাসিক এলাকায় একই রাতে ৫টি বাসায় চুরির ঘটনায় বাসা-বাড়ির মালিক ও ভাড়াটে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
- সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে লন্ডন ও জগন্নাথপুরে মানববন্ধন
- ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


