ছাতকে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব

ছাতক প্রতিনিধি
ছাতকে ঘুর্নিঝড় দুর্গত এলাকার ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল। দুর্গত উপজেলা হিসেবে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে একটি দায়িত্বশীল সুত্রে জানা গেছে। রবিবার দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে ছাতক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল সচিব শাহ কামালের সাথে সৌজন্য সাক্ষাতকালে এ আশ্বাস পাওয়া যায়। আলোচনার সময় বকুল ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সচিত্র প্রতিবেদন সচিবকে দেখান।
এসময় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকারিয়া হোসেন আকন্দ, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হক বকুল এবং পটুয়াখালী দশমিনা উপজেলা চেয়ারম্যান কবি ও সাহিত্যিক শাখাওয়াত হোসেন শওকত উপস্থিত ছিলেন। সচিবের আশ্বাসের ভিত্তিতে চলতি অর্থ বছরেই দক্ষিণ খুরমা ও চরমহল্লা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের আরো সরকারি সহায়তা পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে জানালেন অলিউর রহমান চৌধুরী বকুল।