ছাতক প্রতিনিধি
ছাতকে চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও ড্রেজার মেশিন জব্দ করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার দুপুরে চেলা নদীতে সহকারী কমিশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেষ্ট্রেট সাবিনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি ছিল অনেকটা নিস্ফল। অভিযান চলাকালে চেলা নদী ও আশাপাশ এলাকায় বালু উত্তোলনরত কোন নৌকা ও ড্রেজার মেশিন পাওয়া যায়নি।
একটি সূত্র জানায়, ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে অভিযানের আগেই নদী থেকে ড্রেজার মেশিন ও পরিবহনকারী নৌকা কোম্পানীগঞ্জ এলাকায় নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ফলে ড্রেজার মেশিন ও নৌকা জব্দ করা সম্ভব হয়নি। অভিযানে ছাতক থানার এসআই শফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন তালুকদার, সহকারী মোহাম্মদ তোয়াহাসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চেলা নদীতে প্রকাশ্যে নিয়মিত চলছে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন। এ ব্যাপারে বালু ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রশাসন বরাবরে লিখিত অভিযোগ দিয়েও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হয়নি। অবৈধভাবে বালু উত্তোলন ও ড্রেজার মেশিন ব্যবহার করে নদীর পরিবেশ বিনষ্ট করায় বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলেও ড্রেজার মেশিন বন্ধ করা সম্ভব হয়নি। একটি প্রভাবশালী মহল ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে নিয়মিত।


