ছাতকে চোরাই গরুসহ দুই চোর আটক

ছাতক প্রতিনিধি
ছাতকে চোরাই গরুসহ দুই গরুচোরকে আটক করে জনতা পুলিশে সোপর্দ করেছে। সোমবার ভোররাতে জগন্নাথপুর উপজেলার পাটলী এলাকা থেকে ৯টি গরুসহ গরু চোর ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হাসামপুর গ্রামের আজির উদ্দিনের পুত্র জাবের ইসলাম (২৪) ও জগন্নাথপুর উপজেলার লাউতলা গ্রামের শান্তি মিয়ার পুত্র রিমন মিয়া (২৫)কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুরসহ বিভিন্ন গ্রাম থেকে ৯টি গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে জগন্নাথপুর উপজেলার পাটলী এলাকায় গরুসহ দুই চোর জাবের ইসলাম ও  রিমন মিয়াকে আটক করে জনতা জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে জগন্নাথপুর থানা পুলিশ ছাতকের জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুর মিয়া ও এএসআই শমিরন দেবের কাছে ৯টি গরুসহ দুই চোরকে হস্তান্তর করেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।