ছাতকে জনশুমারী ও গৃহ গণনাকারী সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ সমাপ্ত

ছাতক প্রতিনিধি
ছাতকে জনশুমারী ও গৃহ গণনাকারী হিসেবে নিয়োগ পাওয়া সুপারভাইজার ও গণনাকারীদের ৪দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উপজেলার ১০টি কেন্দ্রে দু’ব্যাচে মোট ৮৫০ জন গণনাকারী ও ১৪৯ জন সুপারভাইজারকে প্রশিক্ষণ দেয়া হয়। রবিবার বিকেলে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২য় ব্যাচে ছাতক পৌরসভার গণনাকারী ও সুপারভাইজাদের প্রশিক্ষণ সমাপ্তের মধ্য দিয়ে শেষ হয় সুপারভাইজার ও গণনাকারীদের ৪দিন ব্যাপী প্রশিক্ষণ। এখানে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আমিনুল ইসলাম, জোনাল অফিসার মিজানুর রহমান, আইটি সুপারভাইজার জহিরুল ইসলাম। ৪ জুন এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত ১ম ব্যাট এবং ৯ জুন থেকে ১২ জুন পর্যন্ত ২য় ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রশিক্ষণে ১০ জন আইটি সুপারভাইজার, ১০ জন জোনাল অফিসার ও ১জন সমন্বয়কারী কার্যক্রম পরিচালনা করেছেন। আগামী ১৫ জুন থেকে জনশুমারী ও গৃহ গণনা কার্যক্রম শুরু হবে। আগামী ২১ জুন এ কার্যক্রম সমাপ্ত হবে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন।