ছাতকে জব্দকৃত পাথর নিলামে বিক্রিতে ৬ মাসের স্থগিতাদেশ

বিজয় রায়, ছাতক
ছাতকে ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি এলাকায় বাইরংনদীর ডাম্পিং সাইড থেকে ৩৮ জন ব্যবসায়ীর জব্দকৃত পাথর নিলামে বিক্রির আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার হাইকোর্টের বিচারপতি নায়মা হায়দার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ জব্দকৃত পাথর নিলামের উপর ৬ মাসের স্থগিতাদেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৩ জুন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) উপ-পরিচালক মামুনুর  
রশীদ, সহকারী পরিচালক (ভূ-তত্ত্ব) আলমগীর হোসেন, সহকারী পরিচালক (ভূ-পদার্থ) মাহফুজুর রহমান সমন্বয়ে গঠিত তিন সদস্যের একটি টিম উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইসলামপুর ইউনিয়নের বাইরংনদীর তীরে বৈশাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৩৮ জন ব্যবসায়ীর প্রায় এক লক্ষ ঘনফুট পাথর জব্দ করেন।
জব্দকৃত পাথর অবমুক্ত করতে ছাতকের ব্যবসায়ী প্রতিষ্ঠান সানজিদা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী বাবুল মিয়ার হাইকোর্টে দায়ের করা একটি রীট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট সোমবার এই আদেশ প্রদান করেন।