ছাতকে জামাইয়ের দা’র কুপে শ্বশুর নিহত, খুনীসহ আটক ২

ছাতক প্রতিনিধি
ছাতকে পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাতার হাতে নিহত হয়েছে শ্বশুর।
শনিবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ—সৈদেরগাঁও ইউনিয়নের ধারনবাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় খুনী সহ ২ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, একই ইউনিয়নের সাউদপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক সেলিম উদ্দিন ধারনবাজার একটি বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করে আসছে। গত কয়েক দিন ধরে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়া চলে আসছিল। এসব পারিবারিক কলহের জের ধরে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের গোরাদেও গ্রামের বাসিন্দা শ্বশুর মকবুল আলীকে তার ধারনবাজারের ভাড়াটে বাসায় আসার জন্য খবর দিয়ে আনেন সেলিম উদ্দিন। মেয়ের জামাইর খবর পেয়ে শ্বশুর মকবুল আলী ধারনবাজার মেয়ের বাসাতে আসেন। রাতে বাসায় পারিবারিক বিষয় নিয়ে শ্বশুরের সাথে ঝগড়াঝাটি করেন সেলিম উদ্দিন ও তার পরিবার। এক পর্যায়ে উত্তেজিত হয়ে সেলিম উদ্দিন দা’ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সে শ্বশুর মকবুল আলীকে গুরুতর আহত করে। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় মকবুল আলীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে বলে জানা গেছে। এসময় আশপাশের লোকজন খুনি সেলিম উদ্দিন ও তার ভাই আইন উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় ইউপি সদস্য হেলাল আহমদ, মকবুল আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত কররে জানান, এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
সহকারি পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।