ছাতক প্রতিনিধি
ছাতকে ডাচবাংলা মোবাইল ব্যাংকিংয়ের ৮লাখ টাকা নিয়ে আত্মগোপন করেছে প্রতিষ্ঠানের ডিএসআর। বরাবরের মতো সোমবার বিকেলে ডাচবাংলা ব্যাংক ছাতক শাখায় টাকা জমা দেয়ার কথা বলে আত্মগোপনে যায় প্রতিষ্ঠানের ডিএসআর সুমন দাস (২৭) । সে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বালিউড়া গ্রামের মৃত সখীচরন দাসের পুত্র। বর্তমানে সে তার পরিবার নিয়ে ছাতক সদর ইউনিয়নের চারচিরা গ্রামে বসবাস করছে। এ ঘটনায় বুধবার প্রতিষ্ঠানের ম্যানেজার সাগর দাস বাদী হয়ে সুমন দাস ও তার ভাই সৌরভ দাসের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, শহরের কালীবাড়ি রোডস্থ এসএম চৌধুরী ডিষ্ট্রিবিউশন হাউজ ডাচবাংলা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে প্রায় দু’বছর ধরে দোয়ারাবাজার উপজেলায় ডিএসআর’র দায়িত্ব পালন করে আসছেন সুমন দাস। ইতিমধ্যে মোবাইল ব্যাংকিংয়ে ব্যাপক প্রসারতা লাভ করার সুবাদে প্রতিদিন লক্ষ-লক্ষ টাকা আদান-প্রদান হচ্ছে এ প্রতিষ্ঠানে। সুমন দাসের সাথে ডাচবাংলা মোবাইল ব্যাংকিং সংক্রান্ত কোন টাকা লেনদেন না করার জন্য গ্রাহক, এজেন্টসহ সংশ্লিদের প্রতি আহবান জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইফুর রহমান চৌধুরী খোকন।


