ছাতকে ডোবার পানি থেকে শ্রমিকের লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি
ছাতকে ডোবার পানি থেকে মিজান খাঁ (২৫) নামের লাফার্জ হোলসিম কারখানার এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রাম সংলগ্ন লাফার্জ-হোলসিম কলোনির সামনের একটি ডোবার পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিজান খাঁ নোয়ারাই ইউনিয়নের বন্দেরগাঁও গ্রামের মনির খাঁর পুত্র ও লাফার্জ-হোলসিম সিমেন্ট কোম্পানির অস্থায়ী শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, বরাবরের মতো বুধবার বিকেলে সে লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানিতে ডিউটি করতে যায়। ডিউটি শেষে রাতে তার ব্যবহৃত বাইসাইকেলটি নিয়ে কারখানা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। রাতে বাড়ি না ফেরায় সকালে তার পরিবারের লোকজন খোঁজ খবর নিয়ে জানতে পারে সে রাতেই কারখানার ডিউটি শেষে করে চলে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে জোড়াপানি গ্রাম সংলগ্ন লাফার্জ-হোলসিম কলোনির সামনের একটি ডোবায় তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে। ডোবা থেকে তার ব্যবহৃত বাইসাইকলটিও উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারনা বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ডোবার পানিতে ফেলে দেয়। তার পরনে লাফার্জ-হোলসিম কোম্পানির নির্ধারিত পোশাক রয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।