ছাতক প্রতিনিধি
ছাতকে পিয়ান নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের জামুরা, ইসলামপুর ও গোয়ালগাঁও গ্রামের সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে বিক্ষুব্ধ এলাকাবাসী। গ্রাম বাচাঁও, ড্রেজার হঠাও, সড়ক বাচাঁও এ স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে এলাকার শ’ শ’ মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন চলাকালে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামছুজ্জামান রাজা, ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, ইউপি সদস্য ছালিক মিয়া, বাহার উদ্দিন, সিরাজ মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরব আলী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, ইসলামপুর জামে মসজিদের মোতায়াল্লি লুলু মিয়া, স্থানীয় রফিক মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এখানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ইসলামপুর-জামুরা সড়কসহ তিনটি গ্রাম, গোয়ালগাঁও প্রাথমিক বিদ্যালয় ও নির্মাণাধীন গোয়ালগাঁও-আমবাড়ী সেতু হুমকির মুখে রয়েছে। ছাতক ও সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার সীমানার মধ্য দিয়ে প্রবাহিত গোয়ালগাঁও, ইসলামপুর ও রাজেন্দ্রপুর মৌজায় অবস্থিত পিয়ান নদী। এখানে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের ফলে জামুড়া সড়ক, কোম্পানীগঞ্জের চাটিবহর গ্রামের নদী তীরবর্তী কৃষি জমি ভাঙ্গনের মুখে। পিয়ান নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারী স্থানীয় কতিপয় স্বার্থন্বেষেী মহলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করার হুঁশিয়ারী দিয়েছেন তারা।


