ছাতকে ঢলের পানিতে তলিয়ে যাওয়া হাওর পরিদর্শনে এমপি মানিক

ছাতক প্রতিনিধি
ছাতকে পাহাড়ি ঢলে বিভিন্ন হাওরের বোরো ফসলহারা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। সোমবার দিনব্যাপী উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জল্লার হাওর, ধলা হাওর, পাতলাচুরা হাওর, বারোমুখা হাওর, বড়বিল এবং চরমহল্লা ইউনিয়নের বাগাচরা হাওর, বুড়াইগিরি হাওর, বড়গাট্টি হাওর, মৌ—আলু ও হুগলি হাওর এলাকা পরিদর্শন করেন তিনি।
ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনের সময় এমপি মুহিবুর রহমান মানিককে কাছে পেয়ে ফসলহারা কৃষকরা তাদের সূখ—দুঃখের কথা তার কাছে তুলে ধরেন। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হামিদ, আব্দুল জলিল, কমর উদ্দিন, নুর মিয়া মেম্বার, গিয়াস উদ্দিন, সৈয়দ মোস্তাক আহমদ সহ কৃষকরা জানান, আকস্মিক ঢলের পানিতে তাদের প্রায় পাকা ধান চোখের সামনে তলিয়ে গেছে। কিছুই করা ছিল না তাদের। ফসল হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। আগামী বছর এসব হাওর পানি উন্নয়ন বোর্ডের আওতায় বাঁধ নির্মাণের দাবি জানান তারা। এসময় সাংসদ মানিক ক্ষতিগ্রস্ত কৃষকদের শান্তনা দিয়ে তাদের সাথে মতবিনিময় করে পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন এবং শতকরা ৮০ভাগ পাকা ধান দ্রুত কাটার পরামর্শ দেন। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেয়ার জন্য তালিকা তৈরি করার কথাও বলেন তিনি।
কৃষকদের উদ্দেশ্যে এমপি মানিক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে হাওরের ফসল ও হাওর পাড়ের মানুষদের রক্ষায় স্থায়ী ব্যবস্থা হচ্ছে। হাওরবাসী যাতে নির্বিঘ্নে তাদের কষ্টের ফসল ঘরে তুলতে পারে, সে জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ সার্বক্ষণিক তদারকি করছেন। ২০১৭ সালে সুনামগঞ্জে ফসলহানির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টানা ১৩ মাস হাওরবাসীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে যা ইতিহাসে বিরল ঘটনা।
এসময় এমপি মানিক আক্ষেপ করে বলেন, ছাতক—দোয়ারার অনেক হাওর এখনো অরক্ষিত অবস্তায় আছে। চাহিদা থাকা সত্বেও পানি উন্নয়ন বোর্ডের আওতায় এসব হাওরে বাঁধ নির্মাণ করা হয় নি। যার কারণে কয়েকটি হাওরে ফসলহানি হয়েছে। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে সরকারের শতকরা ৭০ ভাগ ভর্তুকি দেয়া কৃষি পণ্য বিতরণ করেন এমপি মানিক।
বিকালে ছাতকের কৈতকে জেএসএ কল্যাণ ট্রাস্ট্রের উদ্যোগে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিগুন সম্পন্ন খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। জেএসএ কল্যাণ ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সেলিম সিদ্দিকীর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিক, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউপি সদস্য আমতর আলী সহ উপকারভোগি লোকজন উপস্থিত ছিলেন।