স্টাফ রিপোর্টার
ছাতকে খাাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল মাহফিলে সন্ত্রাসী হামলা, মঞ্চ ভাংচুড় ও অগ্নি সংযোগের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইত্তেহাদে আহলে সুন্নত ওয়াল জামাত। বুধবার বিকেলে শহরে প্রতিবাদ-বিক্ষোভ করে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করে।
কালেক্টরেট চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার মুহতামিম শায়খ মাও. আব্দুল বছির, ইত্তেহাদে আহলে সুন্নত ওয়াল জামাত নেতা মুফতি আব্দুল হক, মাও. রুকন উদ্দিন, মাওলানা আব্দুল ওয়াহাব, মাও. তারেক চৌধুরী, হাফেজ তাহা হোসেন, মাও. এনামুল হক, মাওলানা জুবায়ের খান, মাও. দেলোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশ ও স্মারকলিপিতে বলা হয়, গত সোমবার দিন-দুপুরে ছাতকে তাফসির মাহফিলে সন্ত্রাসী হামলা চালিয়ে যারা প্রকাশ্য নৈরাজ্য সৃষ্টি করেছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এবং এসব নৈরাজ্যকারিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে হবে।


