ছাতকে দু’দিন ব্যাপী উন্নয়ন মেলা সম্পন্ন

ছাতক প্রতিনিধি
ছাতকে বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে দু’দিন ব্যাপী উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্নয়ন মেলার সমাপ্ত ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার সকালে দু’দিন ব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মুহিবুর রহমান মানিক এমপি। সমাপনী দিনে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, আমার বাড়ি আমার খামারের কর্মকর্তা জুলকার নাইনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দু’দিন ব্যাপী উন্নয়ন মেলায় অংশ নেয়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের ৩১টি স্টলের মধ্যে সার্বিক দিক বিবেচনায় উপজেলা কৃষি অধিদপ্তর ১ম, আমার বাড়ি আমার খামার ২য় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩য় স্থান লাভ করে।