ছাতকে দু’পক্ষের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ নারীসহ আহত ১০

ছাতক প্রতিনিধি
ছাতকে পূর্ববিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১০জন আহত হয়েছে। রবিবার রাতে শহরের ছাতক থানা সংলগ্ন চরেরবন্দ আবাসিক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছেন    
এলাকাবাসী। রাত থেকেই উভয় পক্ষের মধ্যে বিরাজ করছে টান-টান উত্তেজনা।
জানা যায়, শহরের ৮ নং ওয়ার্ডের চরেরবন্দ এলাকার একটি মসজিদের ভূমি ও মসজিদ কমিটি গঠন নিয়ে পৌর কাউন্সিলার নওশাদ মিয়ার সাথে এলাকার পঞ্চায়েত কমিটির বিরোধ চলে আসছিল। রবিবার রাতে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে কাউন্সিলার নওশাদ মিয়ার সাথে পঞ্চায়েত কমিটি নেতৃবৃন্দের উত্তপ্ত বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে প্রকট শব্দে ঘুমন্ত এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে অজানা আতংক। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে মামুন মিয়া (১৫), মানিক মিয়া (১১), জালাল উদ্দিন (৩৩), আলেক মিয়া (২৫), ছায়তুন নেছা (৪৬), আলীরাজ (১৮)সহ উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়। আহতদের ছাতক সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।
সাবেক পৌর কাউন্সিলার মাসুক মিয়া জানান, মসজিদের নামে দানকৃত ভূমি ও মসজিদের পরিচালনা কমিটি নিয়ে বর্তমান কাউন্সিলার নওশাদ মিয়ার সাথে পঞ্চায়েত কমিটির বিরোধের জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।
কাউন্সিলার নওশাদ মিয়া জানান, রাতে মসজিদ পরিচালনা কমিটি গঠন নিয়ে এলাকার দু’জন মুরব্বির সাথে মোবাইল ফোনে কথা হয়। এর কিছুক্ষণ পরই প্রতিপক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে আমার বাড়ীতে হামলা চালালে সংঘর্ষের সৃষ্টি হয়।
ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।