ছাতকে নৌ-শ্রমিক হত্যা মামলায় আরও এক আসামী গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে নৌ-শ্রমিক হত্যাকান্ডের ঘটনায় জড়িত আব্দুল মুকিত(৪৫) নামের আরো এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মুকিত পৌর শহরের ভাজনামহল এলাকার মৃত আব্দুর রশীদের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই সোহেল রানা জগন্নাথপুর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করেন।  
শনিবার সন্ধ্যায় সুরমা নদীতে টোল আদায়কারীদের   হামলায় আরিজ মিয়া (৩৫) নামের এক বাল্কহেড শ্রমিক নিহত হয়। রবিবার রাতে নিহতের চাচাতো ভাই ইয়াকুব মিয়া বাদী হয়ে ইসলামপুর ইউনিয়নের গনেশপুর ছড়ারপাড় গ্রামের মারুফ মিয়া (৩০), ইসলামপুর গ্রামের গোলাপ মিয়া (৪৫), গনেশপুর গ্রামের কদ্দুছ মিয়া (৩৭) ও শহরের বাজনামহল এলাকার আব্দুল মুকিত (৪৫)সহ অজ্ঞাতনামা ৭-৮জনের বিরুদ্ধে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার অপর আসামী ইসলামপুর গ্রামের ওয়ারিছ আলী বতনের পুত্র গোলাপ মিয়া (৪৫)কে মঙ্গলবার পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।