ছাতকে পুলিশের অভিযানে লুণ্ঠিত মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার

বিজয় রায়, ছাতক
ছাতকে ডাকাতি সংঘটিত হওয়ার একদিন পর লুণ্ঠিত মালামালসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ ডাকাতির ঘটনায় জড়িত আরো দুই ডাকাত পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রবিবার রাতে পুলিশের অভিযানে পৃথক স্থান থেকে ডাকাতদের গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে শহরের নোয়ারাই
এলাকার মিফতা আহমদের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হল, শহরের বাঁশখালা মহল্লার আব্দুল মমিনের পুত্র ডাকাত আব্দুর রহিম (২২), নোয়ারাই গ্রামের রশিদ আলীর পুত্র দুলাল (২১) ও নোয়ারাই গ্রামের মনফর আলীর পুত্র শাহীন (২২)।
গোপন সূত্রে খবর পেয়ে ওসি আতিকুর রহমান, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম ও ওসি (অপারেশন) কাজী গোলাম মোস্তাফার নেতৃত্বে এসআই সোহেল রানা, এসআই শফিকুল ইসলাম, এসআই অরূপ সাগর, এসআই রাজেন্দ্র কুমার দাস, এসআই পিংকু দেব, এএসআই রেজওয়ানুল হক ও এএসআই মহিউদ্দিন ৩টি দলে বিভক্ত হয়ে ডাকাতদের ধরতে অভিযানে নামে। পৌর কাউন্সিলর লিয়াকত আলীর সহায়তায় দোয়ারা উপজেলার কুশিউরা গ্রামে তার শশুর বাড়ি থেকে দুলালকে গ্রেফতার করে পুলিশ। পরে মাটির গর্তে রাখা একটি পলিথিন ব্যাগে মোড়ানো কাপড়ের ব্যাগসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়। দুলালের স্বীকারোক্তি অনুযায়ী মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে শহরের নোয়ারাই এলাকা থেকে আব্দুর রহিম ও শাহীনকে গ্রেফতার করে পুলিশ।
এসময় ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত টাকা, ৩টি মোবাইল সেট ও ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, লোহার পাইপ উদ্ধার করা হয়।