ছাতকে পুলিশের উপর হামলা ও থানা ভাংচুরের মামলায় গ্রেফতার ২

ছাতক প্রতিনিধি
ছাতকে পুলিশের উপর হামলা ও থানা ভাংচুরের মামলায় আরো ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে গ্রেফতারকৃত উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্য গনেশপুর গ্রামের মাহবুবুর রহমানের পুত্র মোস্তাফিজুর রহমান (২২) ও জিয়াউর রহমান ওয়াহিদ (২০) কে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে থানা ভাংচুরের মামলায় মোট ২৭ জনকে গ্রেফতার করা হলো।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করেন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কে নারীসহ আটকের ঘটনার প্রেক্ষিতে ছাতকে নারকীয় তা-ব চালায় মামুনুল হকের অনুসারীরা। উত্তেজিত সমর্থকরা লাঠি-সোটা নিয়ে বিক্ষোভ মিছিল করে থানায় হামলা চালায়। এতে ৫ পুলিশ আহত হয়। এ ঘটনায় ছাতক থানার এসআই আনোয়ার মিয়া বাদী হয়ে ৯৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৯০০ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি পুলিশ এসল্ট মামলা রুজু করেন।