ছাতক প্রতিনিধি
ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ঝাওয়া ব্রীজএলাকায় গাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ইসলাম উদ্দিন(৩২) নামের এক ডাকাতকে আটক করেছে পুলিশ। সে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের দুদু মিয়ার ছেলে। শনিবার গভির রাতে ঝাওয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, যাত্রীবাহী গাড়ি ভেবে ঝাওয়া এলাকায় সড়কে গাছ ফেলে গোবিন্দগঞ্জ থেকে আসা থানা পুলিশের পিকআপ ভ্যান ডাকাতির চেষ্টা করে ১০-১২ জনের মুখোশধারী ডাকাতদল। এ সময় গাড়ীতে পুলিশ দেখে ডাকাতরা পালিয়ে যাবার চেষ্টা করলে ডাকাত ইসলাম উদ্দিনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। থানার এসআই চম্পক দাম জানান, আটককৃত ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।


