ছাতক প্রতিনিধি
ছাতকে পৃথক স্থান থেকে শিশুসহ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর শহরের শিবটিলা এবং সিংচাপইড় ইউনিয়নের একটি হাওড় থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
জানা জায়, সকালে স্থানীয়রা টিলার ঝোপে একটি শিশুর ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ছাতক থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান ও রাজেন্দ্র প্রসাদ দাস ঘটনাস্থল থেকে ৮-৯ বছর বয়সী অজ্ঞাতনামা এ শিশুর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। ধারণা করা হচ্ছে অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তরা শিশুটিকে অপহরণ করে শিবটিলায় নিয়ে আসে। এখানে শিশুটিকে জবাই করে হত্যা করার পর তার মুখমন্ডল হতে বুক পর্যন্ত চামড়া তুলে ফেলে ঘাতকরা। পুলিশ ঘটনাস্থল থেকে দু’জোড়া প্লাস্টিকের স্যান্ডেল উদ্ধার করেছে। শহরের ব্যস্ততম এলাকায় শিশুর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় শহরবাসীর মধ্যে বিরাজ করছে এক অজানা আতংক।
এদিকে নিখোঁজ সিএনজি চালক প্রণয় চৌধুরী পিয়াস (১৯)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর বড়াইল হাওড় থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। প্রণয় চৌধুরী পিয়াস দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের প্রণব চৌধুরী কুটুর পুত্র। রবিবার রাতে যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাওয়ার কথা বলে সে নিখোঁজ হয়। সোমবার সকালে দোলাবাজার ইউনিয়নের খাইরগাঁও-রামপুর ব্রীজের মুখ থেকে তার ব্যবহৃত সিএনজিটি পরিত্যক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে। নিখোঁজের ৪ দিন পর বৃহস্পতিবার সকালে হাওড়ে ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ছাতক থানার এসআই সোহেল রানা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। পিয়াসের পরিবারের লোকজন লাশ দেখে তাকে সনাক্ত করেছেন।


