ছাতকে প্রতিপক্ষের হামলায় মা-মেয়েসহ আহত ৩

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রতিপক্ষের হামলায় মা-মেয়েসহ ৩ নারী আহত হয়েছে। আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে সিংচাপইড় ইউনিয়নের সদুখালী-বানিকান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামের চেরাগ আলীর পুত্র আজিজুর রহমান(৫৫)কে আটক করেছে পুলিশ।
জানা যায়, বাড়ির সীমানা নিয়ে গ্রামের হানিফ উল্লাহর পুত্র ডা. ছমির উদ্দিনের সাথে একই গ্রামের আজিজুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে আজিজুর রহমান পক্ষ বিরোধকৃত জায়গা থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় ডাঃ ছমির উদ্দিনের কন্যা হামিদা খাতুন এতে বাধাঁ প্রদান করে। এতে ক্ষীপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। হামলায় হামিদা খাতুন(৪৫), তার কন্যা ফাহমিদা আক্তার দোলন(১৭) ও দিলারা বেগম (৪৫) আহত হয়।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।