ছাতকে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ একই পরিবারের ৩ ব্যক্তি আহত হয়েছে। আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ছাতক সদর ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসা ছাত্রীদের সাথে বখাটেপনা ও বিদ্যালয়ের শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় ওই শিক্ষিকা মুক্তিরগাঁও-রাতাগাঁও গ্রামের ফয়ছল আহমদ ও উত্তর খুরমা ইউনিয়নের চলিতারবাক গ্রামের জামাল আহমদের বিরুদ্ধে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে বিকেলে বখাটেদের আটক করতে মুক্তিরগাঁও গ্রামে অভিযান চালান ছাতক থানার     
 এসআই সোহেল রানা। আসামী না পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ফিরে আসার পর বখাটেরা তাদের আত্মীয়-স্বজনদের নিয়ে সংঘবদ্ধ হয়ে ওই শিক্ষিকার বাড়িতে হামলা চালায়। হামলায় শিক্ষিকার স্বজন লাল মিয়ার পুত্র সাদ্দাম হোসেন (২২), আশিক মিয়ার স্ত্রী আলেয়া বেগম (৪০) ও আরিছ আলীর স্ত্রী গুলবাহার বেগম (৫০) আহত হয়েছে।
শিক্ষিকা সাহেদা বেগমের স্বামী ও ছাতক ডিগ্রী কলেজের হিসাব রক্ষক আব্দুর রহিম জানান, হামলায় আহতদের ছাতক হাসপাতালে নিয়ে আসার পথে মাফিজ আলীর নেতৃত্বে আবারো হামলা চালায় তারা।