ছাতকে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে গণধর্ষণ

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রেমের ফাঁদে আটকা পড়ে গণ-ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। প্রেমিকের ডাকে সাড়া দিতে গিয়ে ৩ পাষন্ডের রাতভর ধর্ষণের শিকার    হয় প্রেমিকা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত দক্ষিণ খুরমা ইউনিয়নের মুক্তারপুর গ্রামে।
এ ঘটনায় কিশোরী পিতা বাদী হয়ে ৩ ধর্ষকের বিরুদ্ধে বৃহস্পতিবার ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। ধর্ষিতা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ইউনিটে ভর্তি রয়েছে।
ছাতক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের এক কিশোরীর সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র বিল্লাল আহমদের। কয়েক মাসের সম্পর্কে প্রেমের গভীরতা সৃষ্টি হলে প্রেমিকা বিয়ের স্বপ্ন দেখতে থাকে। কিন্তু লম্পট বিল্লাল তার সাথে প্রতারণার আশ্রয় নিয়ে সর্বনাশ করে এ কিশোরীর। মঙ্গলবার রাতে মোবাইল ফোনে বিল্লাল তার প্রেমিকাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। প্রেমিকের ডাকে সাড়া দিয়ে সরল বিশ্বাসে প্রেমিকা বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসলে তাকে একটি সিএনজিতে তোলে ভূইগাঁও থেকে মুক্তারপুর গ্রামের নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর বিল্লালের ঘরে রেখেই বিল্লাল ও তার দুই সহযোগী তাকে ধর্ষণ করে। ভোরে ধর্ষিতাকে বাড়ি থেকে বের করে দেয় তারা। ভোরে অসহায় কিশোরী মুক্তারপুর গ্রামের সমুজ আলীর বাড়িতে গিয়ে আশ্রয় নিলে ধর্ষণের ঘটনা বাড়ির লোকজনদের বর্ণনা করে। খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নূর মিয়া ও এএসআই সমীরণ দেব তাকে ওই বাড়ি থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।
মুক্তারপুর গ্রামের সমুজ মিয়া জানান, ভোরে একটি অপরিচিত মেয়ের ঘটনা শুনে তিনি পুলিশে খবর দিলে পুলিশ মেয়েটিকে নিয়ে যায়।
এসআই নূর মিয়া জানান, এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।