ছাতকে বালু উত্তোলন ও সরবরাহকারী ব্যবসায়ী সমিতির নির্বাচন

ছাতক প্রতিনিধি
ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি (রেজি নং-০৮১/১৫)’র ত্রি-বার্ষিক নির্বাচন সমিতির কার্যালয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির ১২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। টানা এক সপ্তাহের সরব প্রচার-প্রচারণার মাধ্যমে উৎসব মুখর পরিবেশে একতা বালু      উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯ টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। নির্বাচনে আব্দুস সাত্তার ছাতা প্রতীকে ৬৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। ৬৯ ভোট পেয়ে মই প্রতীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দিলোয়ার হোসেন, বাই-সাইকেল প্রতীকে ৬৩ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুয়েদ হোসাইন ও ছমরু মিয়া গোলাপ ফুল প্রতীকে ৭০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া সমছু মিয়া (খেজুর গাছ) ৭৩ ভোট, ডালিম হোসেন (ফুটবল) ৬৬ ভোট, মখলিছ মিয়া (মিনিবাস) ৬৫ ভোট এবং সমরু মিয়া (রিক্সা) ও শফিকুল ইসলাম (ঘোড়া) ৬২টি করে ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফয়সাল আহমদ, সদস্য জয়নাল আবেদীন ও আব্দুস সাত্তার নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন। নির্বাচনে ভোট গ্রহণ ও গণনার দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের পরিদর্শক আশিষ আচার্য্য, সহকারী পরিদর্শক কামাল হোসেন ও অফিস সহকারী গাজী আনিসুর রহমান। নির্বাচন মনিটরিং ও ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর।