ছাতকে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে বিদ্যুতায়িত হয়ে সুজন আহমদ(১৮) নামের এক লাকড়ি মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে কয়েল লাকড়ি প্রস্তুত করার সময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। সুজন আহমদ উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের জাউয়া গ্রামের ময়না মিয়ার পুত্র।
জানা যায়, জাউয়াবাজার এলাকার কুমিলা বস্তি সংলগ্ন হাজী আস্তর আলীর মালিকানাধীন রাজনপুর কয়েল লাকড়ি     
মিলে শ্রমিকের চাকুরী করতো সুজন আহমদ। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে কয়েল লাকড়ি প্রস্তুত করার সময় বিদ্যুতের লাইনে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। রাতেই কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বুধবার হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় ছাতক থানায় একটি ইউডি মামলা হয়েছে।