ছাতকে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের মানববন্ধন

ছাতক প্রতিনিধি
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা ও মানববন্ধনে হামলার প্রতিবাদে ছাতকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের শহীদ মিনারের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা হুমায়ূন কবির রুবেলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক কমান্ডার, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, সাবেক পৌর কামান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা সহীদুল ইসলাম, মাসুদ রানা, শাহ আলম বাসিত, সোহেল আহমদ, শাহাব উদ্দিন, মির্জা খছরু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রথম প্রতিবাদকারী সৈয়দ আহমদের বড় ভাই মুক্তিযোদ্ধা মরহুম ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় মর্যাদা না দেয়ায় এবং চট্টগ্রাম-১৬ আসনের এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী কর্তৃক মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধাদের উপর হামলা করা হয়। এমপি মোস্তফিজুর রহমান চৌধুরীর সহচর বাঁশখালী পৌর মেয়র সেলিমুল হকের নেতৃত্বে এ হামলা করা হয়। এ হামলায় সাংবাদিকসহ অন্তত ১০ জন মুক্তিযোদ্ধা আহত হন। হামলাকারীদের মদদদাতা এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটুক্তিকারী চট্টগ্রাম-১৬ আসনের এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীকে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি আওয়ামীলীগের সকল পদ থেকে তাকে বহিস্কারসহ সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান বক্তারা।
এসময় মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, আরজদ আলী, আব্দুর রাজ্জাক, ইন্তাজ আলী, মুক্তিযোদ্ধা সন্তান ও ইউপি সদস্যা হেলিমা বেগম, মুক্তিযোদ্ধা সন্তান সালেহ আহমদ, জাহাঙ্গির আলম, জাকির হোসেন, উস্তার আলী, আশরাফ আলী, সৈয়দ আহমদ, রুবেল খান, মনির মিয়া, সাহেব আলী সাজু, শাহীন তালুকদার, সেলিম আহমদ, মামুন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।