ছাতক প্রতিনিধি
ছাতকে শ্রমিক মুহিবুর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। শনিবার ভোরে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের বাড়ি থেকে সেকুল আহমদ (২৪)কে পুলিশ গ্রেফতার করেছে। তিনি গ্রামের বাবরু মিয়ার পুত্র। শ্রমিক মুহিবুর রহমান হত্যার ঘটনায় শুক্রবার রাতেই ছাতক থানায় তিন জনের বিররুদ্ধে একটি হত্যা মামলা
দায়ের করা হয়। নিহতের ভাতিজা আতাউর রহমান এমরান বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। নিহত শ্রমিক মুহিবুর রহমান ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত ওয়াহাব উল্লাহর পুত্র। শিবনগর গ্রামের শরীফ মিয়ার মালিকানাধীন মসজিদ সংলগ্ন সিএনজি-ফোরষ্ট্রোকের একটি গ্যারেজের কেয়ারটেকার ছিলেন তিনি। শুক্রবার ভোরে গ্যারেজের মধ্যে ঘুমন্ত মুহিবুর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ছাতক থানার এসআই শফিকুল হক অভিযান চালিয়ে সেকুল আহমদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।


