ছাতকে লকডাউন পরিস্থিতি পরিদর্শনে বিগ্রেডিয়ার জেনারেল মিছবাহ উদ্দিন

ছাতক প্রতিনিধি
ছাতকে চলমান লকডাউনে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্ব সাধারনের প্রতি আহবান জানিয়েছেন সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মিছবাহ উদ্দিন।
বুধবার ছাতক শহর সহ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে করোনা মহামারীর ভয়াবহতা তুলে ধরে তিনি সকলকে নিরাপদে ঘরে থাকার পরামর্শ দেন।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে শহরের আব্দুল্লাহ সু-স্টোর থেকে ২ হাজার টাকা এবং মাস্ক পরিধান না করায় এক ব্যক্তিকে আরো ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসলাম উদ্দিন সহ সেনাবাহিনী ও থানা পুলিশ এসময় উপস্থিত ছিলেন।
এদিকে মঙ্গলবার ছাতক শহর ও গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের সরকারি বিধি নিষেধ অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৬ টি মামলায় ১৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিন। এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন ইয়াছিন সহ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।