ছাতক প্রতিনিধি
ছাতকের নোয়ারাই ইউনিয়নের শাহ আরফিন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের টাকা আত্মসাত ও ভূমি দখলের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের টাকা আত্মসাতসহ বিদ্যালয়ের ভূমি ব্যক্তিগত ও ব্যবসার কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে। গত ২৪ অক্টোবর এলাকাবাসী শাহ আরফিন নগর সরকারী
প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খায়রুল ইসলাম ও প্রধান শিক্ষক আলী আমজদসহ ৫ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, শাহ আরফিন নগর সারকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিসহ আরপিননগর গ্রামের কতিপয় প্রভাবশালী ব্যক্তি বিদ্যালয়ের ভূমি দখল বিদ্যালয়ের জন্য সরকারী বরাদ্দের টাকা আত্মসাত করে আসছেন। বর্তমান কমিটির সভাপতি খায়রুল ইসলাম ও তার পিতা বিদ্যুৎসাহী সদস্য হাজী আরব আলী বিগত কমিটিরও সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য ছিলেন। পিতা-পুত্র বহাল থেকে তাদের মনগড়া কমিটি গঠন করে বিদ্যালয়ের ভূমি দখল করে রেখেছেন। বিদ্যালয়ের ভূমি চাষাবাদ করে ফসল নিজ ঘরে নিয়ে যাচ্ছেন। কমিটির সভাপতি খায়রুল ইসলাম বিদ্যালয়ের সম্মুখে একটি অটোরাইস মিল বসিয়ে ব্যবসা করে আসছেন। ফলে শব্দ দূষণজনিত কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিদ্যালয়ে বরাদ্দকৃত ৪০ হাজার টাকার মধ্যে প্রধান শিক্ষকের সহযোগিতায় ৩০হাজার টাকা কমিটির সভাপতি আত্মসাত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিদ্যালয়ের ভূমি দখলমুক্ত ও গ্রহণযোগ্য পরিচালনা কমিটি গঠনে প্রশাসনের সহযেগিতা চেয়েছেন তারা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক লাল জানান, অভিযোগের আলোকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, বিষয়টি প্রাথমিক শিক্ষা বিভাগের। স্কুলে ভূমি দখল করা হলে নিয়মতান্ত্রিকভাবে উচ্ছেদ অভিযানের মাধ্যমে সরকারী ভূমি উদ্ধার করা হবে।


