ছাতক প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জে আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত ও উপজেলা আ.লীগের প্রবীণ নেতা লুৎফুর রহমান সরকুম স্মরণে অনুষ্ঠিত শোকসভায় উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা নিয়ে যুবলীগ নেতা-কর্মীদের মধ্যে তীব্র পতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সভাস্থলে আসা যুবলীগ নেতা-কর্মীদের মধ্যেও সৃষ্টি হয়েছে চরম অসন্তোষ। বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ পয়েন্টে তানজিনা কমিউনিটি সেন্টারে যুবলীগ কর্তৃক আয়োজিত শোক সভায় এক পর্যায়ে উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এর আগে প্রায় বছর আগে ছাতক উপজেলা অডিটোরিয়ামে সাইফুর রহমান চৌধুরী খোকনকে সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিলাল আহমদকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করে ছিলেন মুহিবুর রহমান মানিক এমপি। ওই সময় যুবলীগের কমিটি ঘোষণা নিয়ে যুবলীগের কেন্দ্র্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল ঘোষিত কমিটিকে গঠনতন্ত্র পরিপন্থি বলে বিবৃতি দিয়েছিলেন। দীর্ঘ এক বছর পর উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিয়ে আবারো একই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কমিটি ঘোষণা নিয়ে সভাস্থলে আসা যুবলীগ নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়লে এক
পর্যায়ে কমিটি ঘোষণা না করেই সভাস্থল ত্যাগ করেন এমপি।
যুবলীগ নেতা ও সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল বলেন, উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যুবলীগের কমিটি গঠন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জেলার অনুমতি সাপেক্ষে শিঘ্রই উপজেলা যুবলীগের কমিটি গঠনের অপেক্ষায় রয়েছে। এমতাস্থায় দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী যুবলীগের পকেট কমিটি ঘোষণা অবৈধ ও এখতিয়ার বহির্ভুত। যুবলীগের কর্মকান্ড চলবে যুবলীগের গঠনতন্ত্র মোতাবেক। সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল ঘোষিত এ কমিটির কোন বৈধতা নেই উল্লেখ করে জানান, জননেত্রী শেখ হাসিনার গঠিত কেন্দ্রীয় যুবলীগের নির্দেশ মতো ও গঠনতন্ত্র অনুযায়ী জেলা ও উপজেলা কমিটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। জেলা কমিটির মাধ্যমেই উপজেলা কমিটি গঠন করার বিধান গঠনতন্ত্রে রয়েছে। এর বাইরে কোন মন্ত্রী-এমপির যুবলীগের কমিটি গঠন বা ঘোষণা করার কোন সুযোগ নেই।


