ছাতকে সংঘর্ষে আহত ৫

ছাতক প্রতিনিধি
ছাতকে সওজ’র ভূমি থেকে মাটি কেটে সড়কের পাশ ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। বুধবার বিকেলে নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে       
জানা যায় ছাতক-দোয়ারা সড়কের বারকাহন এলাকায় সড়কের পাশ ভরাট করতে সওজ’র ভূমি থেকে মাটি কাটতে শুরু করে ঠিকাদারের লোকজন। এসময় মাটি কাটায় বাঁধা দেন বারকাহন গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার স্ত্রী জাহেদা খাতুন। এ নিয়ে ঠিকাদারের লোকজনের সাথে তাদের সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে দুই শ্রমিকসহ ওয়াহিদ মিয়ার স্ত্রী জাহেদা খাতুন (৬০), মেয়ে মুমেনা বেগম (২৫) ও নাতনী ওয়াহিদা (৩) আহত হয়। আহত তিন জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দু’জনকে স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
গ্রামের আফতাব মিয়া তালুকদার, ছালিক মিয়া তালুকদার জানান, এ ঘটনায় গ্রামের দুই নীরিহ ব্যক্তিকে তাড়াতে একটি মহল উঠেপড়ে লেগেছে।