ছাতক প্রতিনিধি
ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জুনেদ মিয়া (১৮) নামের এক যুবক নিহত ও ৫ ব্যক্তি আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ—সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জুনেদ মিয়া পীরপুর গ্রামের জমির উদ্দিনের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে স্থানীয় একটি চায়ের দোকানে চা পান করা নিয়ে জুনেদ মিয়া ও একই গ্রামের আব্দুল জলিলের পুত্র কমারান মিয়ার মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছোড়া ঢিলের আঘাতে জুনেদ মিয়া গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্তায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে।


