ছাতক প্রতিনিধি
ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মাধবপুর ব্রীজ সংলগ্ন প্রায় অর্ধ কিলোমিটার সামাজিক বনায়নের ভূমিতে অবৈধভাবে ইট-বালুর জমজমাট ব্যবসা করে যাচ্ছে একটি মহল। সামাজিক বনায়নের জন্য অংশীদারিত্বের ভিত্তিতে লিজ নেয়া এ ভূমি পাথর-বালুর ডাম্পিং সাইড হিসেবে ব্যবহার করায় এখানের স্বাভাবিক পরিবেশও নষ্ট হচ্ছে। ইট ভাঙ্গার জন্য এখনে বসানো হয়েছে একটি মিনি ক্রাশার মেশিন। ফলে বনায়নের লাগানো বিভিন্ন প্রজাতির গাছগুলোও পড়েছে হুমকির মুখে।
জানা যায়, মাধবপুর ব্রীজ সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় কয়েক বছর আগে লিজ গ্রহণের মাধ্যমে এখানে বৃক্ষ রোপণ করেন স্থানীয় ময়না মিয়া, হানিফ আলী ও চমক আলী নামের ৩ ব্যক্তি। বর্তমানে সামাজিক বনায়নের এসব গাছ পরিপূর্ণ আকার ধারণ করেছে।
স্থানীয়রা জানান, মাধবপুর গ্রামের ইদন মিয়া নামের এক ব্যক্তি সামাজিক বনায়নের ভূমি ডাম্পিং সাইড হিসেবে ইট-বালুর ব্যবসা করে আসছেন।
মাধবপুর গ্রামের আব্দুল হান্নান, ফরিদ মিয়া ও গৌরীপুর গ্রামের আব্দুস সহিদ জানান, অবৈধভাবে সওজ’র ভূমি ব্যবহার করে এখানে তৈরী করা হয়েছে ইট-বালুর ডাম্পিং সাইড। এতে গ্রামের মানুষ গবাদী পশু নিয়ে মাঠে যেতে পারছে না। খেলাধুলার জায়গায়ও ইট-বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডাম্পিং সাইডের
কারণে স্থানীয় লোকজন নদীর ঘাট ব্যবহার করতে পারছে না।
ছাতক সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রমজান আলী জানান, ‘প্রায় একযুগ আগে এখানে অংশীদারিত্বের ভিত্তিতে বৃক্ষ রোপণ করা হয়েছে।’ গাছ কাটার বিষয়টি তিনি জানেন না উল্লেখ করে বলেন, ‘ অবৈধভাবে সরকারী ভুমিতে ইট-বালু রেখে ব্যবসা করার বিষয়ে তিনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।’


