ছাতক প্রতিনিধি
ছাতকে সরকারী সহায়তার চাল পাচারের চেষ্টা করার অপরাধে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা আব্দুল হামিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সরকারী সহায়তার ১০ বস্তা চাল পাচারের চেষ্টা করার অপরাধে তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির। রোববার ইউনিয়ন কার্যালয় সংলগ্ন চেচান বাজারে চাল পাচার করার সময় স্থানীয় জনতা চালসহ তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা আব্দুল হামিদকে
আটক করেন। চাল পাচারের জন্য এসময় ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরকে জনতার রোষানলে পড়তে হয়েছে। বিষয়টি গোটা উপজেলা জুড়ে তোলপাড় শুরু হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, চাল পাচারের দায় এড়াতে তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা আব্দুল হামিদকে বলির পাঠা বানানো হয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির জানান, সরকারী চাল পাচার করার চেষ্টা করায় ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের চাবি রেখে উদ্যোক্তা আব্দুল হামিদকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।


